গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়াতে।
পুলিশ সূত্র জানায়, পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত আসাদুজ্জামানকে ধাওয়া করে। তিনি একটি চায়ের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা দোকানের ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় এক ব্যবসায়ী জানান, অনেকেই ঘটনাটি দেখলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
ঘটনার কিছু সময় আগে আসাদুজ্জামান তার ফেসবুক প্রোফাইলে চৌরাস্তা এলাকার সড়ক ব্যবস্থা ও জনদুর্ভোগ নিয়ে পোস্ট করেছিলেন।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান বলেন, “আমরা কিছু ভিডিও ফুটেজ ও ক্লু পেয়েছি। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।” বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Rang Tv News & entertainment
