রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া সেই রিকশাচালককে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ শনিবার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এই আদেশ দেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন জানান। পুলিশ আবেদনে জানায়, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে আসামি আজিজুর রহমানের (২৭) ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তার জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।
উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। এরপর পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।
Rang Tv News & entertainment
