বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বকশিবাজারে কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, কারাগারকে সংশোধনের জায়গা হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ‘কারেকশন সার্ভিসেস অ্যাক্ট ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন আরও বলেন যে, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি বিভিন্ন কারাগারে রয়েছে। বন্দিদের স্থান সংকুলানের জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করা হয়েছে।
কারা মহাপরিদর্শক আরও জানান, লোকবল সংকট মেটাতে সরকার ১ হাজার ৮৯৯ জন নতুন জনবলের অনুমোদন দিয়েছে। তবে আরও ১৫০০ জনবলের চাহিদা পাঠানো হয়েছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গত এক বছরে মাদক বহন, গ্রহণ ও সরবরাহে জড়িত থাকার অপরাধে ২৯ জন কারা সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
এছাড়াও, তিনি বলেন, দুর্নীতি এবং নিয়মবহির্ভূত বিষয়েও তারা কঠোর অবস্থানে রয়েছেন। গত এক বছরে বিভিন্ন অনিয়মের সাথে জড়িতদের বাধ্যতামূলক অবসর, ৩৪ জনকে চাকরিচ্যুত এবং ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ ১৭২ জনকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।
Rang Tv News & entertainment
