শিরোনাম

২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে বলা হয়েছে পল্লী বিদ্যুৎ কর্মীদের

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) যেসব কর্মকর্তা ও কর্মচারী গণছুটির নামে কর্মস্থল থেকে অনুপস্থিত রয়েছেন, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এই নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা। তাই এই সেবায় বাধা সৃষ্টি করা অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও জানান, সরকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণের জন্য সংবেদনশীল। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে: আরইবি-পিবিএস একীভূতকরণ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, হয়রানিমূলক পদক্ষেপ বাতিল এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

এর আগে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি পূরণের জন্য অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর প্রেক্ষিতেই বিদ্যুৎ বিভাগ এই কঠোর পদক্ষেপের ঘোষণা দিল।

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …