ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভণ্ড তান্ত্রিক ও ‘বাবা’দের দৌরাত্ম্য ঠেকাতে একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৪ জন ভুয়া ‘বাবা’ মানুষের সঙ্গে প্রতারণা এবং ধর্মান্তরের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল।
রোববার এক সংবাদ সম্মেলনে উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এই অভিযানের আওতায় এ পর্যন্ত ৫,৫০০ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ১,১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাস থেকে এই অভিযান শুরু হয়েছে। আইজি ভরনে বলেন, এই অভিযান ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং ‘দেবভূমি’-র পবিত্র ভাবমূর্তি রক্ষা করাই এর মূল লক্ষ্য। গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ‘অমিত কুমার’ নামে ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে ‘বাঙালি ডাক্তার’ পরিচয়ে বসবাস করছিলেন বলে জানা গেছে।
Rang Tv News & entertainment
