অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “যেগুলো বৈধ প্রতিবাদ, সেগুলোকে প্রতিবাদই বলা উচিত। আর যেটা আসলেই ‘মব’, তাকে ‘মব’ই বলতে হবে।” তিনি বলেন, “যদি প্রতিবাদ হয়, সেটাকে যদি ‘মব’ বলতে চান, তাহলে তার প্রতিবাদ করার অধিকারটা কেড়ে নেওয়া হয়।” তিনি আরও বলেন, যারা এখন এ ধরনের আলাপ করছেন, গত ১৫ বছরের ‘মব’ নিয়ে তারা একটি কথাও বলেননি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর ‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতির সঙ্গে তিনি একমত এবং এটি বাস্তবায়ন করা প্রয়োজন। তার মতে, যারা সম্পাদক ও প্রকাশক হবেন, তাদের সাংবাদিকদের ইউনিয়ন থেকে পদত্যাগ করা উচিত, কারণ এটি নীতিবিরুদ্ধ। তিনি আরও বলেন, সাংবাদিকদের অবশ্যই সার্টিফিকেশন থাকা উচিত, কারণ অপসাংবাদিকতার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শফিকুল আলম বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা হওয়া উচিত। সাংবাদিকদের কর্মক্ষেত্রে কোনো নিরাপত্তাহীনতা দেখা দিলে এর দায়িত্ব সংশ্লিষ্ট মিডিয়া মালিককে নিতে হবে এবং প্রয়োজনে মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা রাখতে হবে।
তিনি প্রস্তাব করেন, মিডিয়া লাইসেন্স পেতে হলে অনলাইনের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা, পত্রিকার জন্য ২০ কোটি টাকা এবং টিভির জন্য ২০ থেকে ২৫ কোটি টাকা সরকারের কাছে জামানত রাখতে হবে। যখন প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে, তখন এই টাকা সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা যাবে। তিনি সোশ্যাল মিডিয়া-নির্ভর সাংবাদিকতাকে নীতিমালার মধ্যে আনার কথাও বলেন।
Rang Tv News & entertainment
