শিরোনাম
নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি: কে পাচ্ছে এই সহায়তা?
নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি: কে পাচ্ছে এই সহায়তা?

নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি: নেপাল

নেপালের সরকার সাম্প্রতিক গণবিক্ষোভে নিহতদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু করেছেন সুশীলা কারকি। তিনি দায়িত্ব নেওয়ার আগে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি এই মানবিক সহায়তার সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিক্ষোভে আহত ১৩৪ জন বিক্ষোভকারী এবং পুলিশের ৫৭ জন সদস্যকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়কে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি হিসাব অনুসারে, এই বিক্ষোভ ও সহিংসতায় মোট ৭২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন বন্দি এবং তিনজন পুলিশ সদস্য।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি আহতদের খোঁজখবর নিতে কাঠমান্ডুর হাসপাতালে যান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …