ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে একটি প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছে।
ইসরায়েল থেকে কাতারে যাওয়ার আগে চুক্তি প্রসঙ্গে রুবিও বলেন, “আমাদের সঙ্গে কাতারিদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে, আমরা কাতারের সঙ্গে একটি সামরিক চুক্তি করতে যাচ্ছি, যা অনেকটাই চূড়ান্ত হওয়ার পথে।”
মঙ্গলবার কাতার সফরে গিয়ে রুবিও দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই তথ্য নিশ্চিত করেছেন।
আনসারি আরও বলেন, ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত সামরিক চুক্তি দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। তার মতে, এটি আপাতদৃষ্টিতে নতুন কিছু নয়, তবে আগের চুক্তিগুলো আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।
Rang Tv News & entertainment
