শিক্ষাঙ্গনে সহিংসতার অভিযোগে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি), শিলচর-এ অধ্যয়নরত ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় সেখানে সম্মান (অনার্স) তৃতীয় বর্ষে পড়ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রের বরাত দিয়ে জানায়, এই বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত হয়েছিল। অভিযুক্ত ৫ জন শিক্ষার্থী রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে তাদেরই চতুর্থ বা শেষ বর্ষের সহপাঠীদের ওপর হামলা করে। হামলায় শেষ বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ওই ৫ শিক্ষার্থী মদ্যপ ছিল।
এনআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ২ সেমিস্টার অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদেরকে দ্রুত ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই এক বছর তারা যেন ভারতে থাকতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Rang Tv News & entertainment
