পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার পৃথক দুটি বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেন।
প্রথম বিস্ফোরণটি ঘটে দাশতে, ইরানের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে। সেখানে আধা সামরিক বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালায়। এতে গাড়িটি মুহূর্তে বিস্ফোরিত হয়। এই হামলায় তিন সেনা সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।
একই দিনে, বৃহস্পতিবার রাতে বেলুচিস্তান প্রদেশের একটি আফগান সীমান্ত ক্রসিংয়ের কাছে আরেকটি বিস্ফোরণে আরও ছয়জন শ্রমিক নিহত হয়েছেন।
চলতি মাসে এটিই প্রথম সহিংসতার ঘটনা নয়। এর আগে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে সন্ত্রাসী গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন। বেলুচিস্তানে প্রায়ই সেনাবাহিনীর ওপর হামলা হয় এবং সেনাবাহিনীও সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলোতে অভিযান চালায়। এসব অভিযানে দুই পক্ষের লোকজনই নিহত হচ্ছেন।
Rang Tv News & entertainment
