দেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজা যেহেতু একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার ঘটনা অনেক কম। বিভিন্ন এলাকায় যারা প্রতিমা ভেঙেছে, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।”
এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য বিষয়েও কথা বলেন। মাদক প্রসঙ্গে তিনি বলেন, “বিভিন্ন রুট দিয়ে আমাদের দেশে মাদক প্রবেশ করছে, কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে।” তিনি জানান, শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও এই ধরনের চোরাচালান হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে টিকে আছে এবং বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, ফলে এর দামও বেড়ে গেছে।
কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “সারাদেশে কৃষকেরা আলুর ন্যায্য দাম পাচ্ছে না। যদি তারা আগামীতে আলু চাষ না করে, তাহলে ভবিষ্যতে আলুর দাম অনেক বেড়ে যাবে।”
Rang Tv News & entertainment
