ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে একটি পিস্তলসহ ১০ লাখেরও বেশি জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লারে’ এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে একজন নারী ফেসিয়াল করতে ওই পার্লারে আসেন। তার হাতে একটি ব্যাগ ছিল। ফেসিয়াল শুরু করার পর তিনি একটি ফোন পেয়ে ‘পাঁচ মিনিট পর ফিরছি’ বলে পার্লার থেকে চলে যান। কিন্তু তিনি আর ফিরে আসেননি।
ওই নারী ফিরে না আসায় এবং তার ফেলে যাওয়া ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় পার্লার কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি তল্লাশি করে একটি সাদা রঙের বিদেশি পিস্তল ও ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, “একটি বিদেশি পিস্তল ও ১০ লাখ ১৮ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।” এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Rang Tv News & entertainment
