বাংলাদেশের একমাত্র কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল থেকে খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে এই উত্তোলন কাজ শুরু হয়েছে। এর আগে, গত ২৩ জুন পুরোনো ১৩০৫ নম্বর ফেজের কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর আবার উত্তোলন শুরু হয়েছে। এই নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার টন।
জাফর সাদিক আরও বলেন, শুরুতে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন কয়লা উত্তোলন হবে এবং পরে এটি দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন পর্যন্ত বাড়ানো হবে বলে আশা করা যায়। এই কয়লা সরাসরি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে, যা বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Rang Tv News & entertainment
