ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দু’ভাগ হয়ে গেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশের মুহূর্তে ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পেছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে।
এই ঘটনার ফলে ঢাকার সঙ্গে আপ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প হিসেবে ডাউনলাইন ব্যবহার করে কিছুটা বিলম্বে ট্রেন চলাচল করছে। এতে ট্রেনের শিডিউলে কিছুটা বিপর্যয় ঘটেছে।
নূর নামের এক যাত্রী তার হতাশা প্রকাশ করে বলেন, “আমার বড় ভাই বিদেশ যাবে, রাতে ফ্লাইট। ট্রেনের শিডিউল ওলটপালট হওয়ায় যেতে পারবে কি না, তা নিয়ে চিন্তায় আছি।” তিনি সরকারের প্রতি ট্রেনের শিডিউল ঠিক রাখতে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, মহানগর এক্সপ্রেসের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করতে এসে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বিচ্ছিন্ন বগিগুলো অপসারণ করে দ্রুত আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরো দেখুন তেলবাহী গাড়ি থেকে তেল নামানোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ড
Rang Tv News & entertainment
