খাগড়াছড়ির রামগড়ে ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রামগড় থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন- ওমানপ্রবাসী মুস্তফার স্ত্রী রাহেলা আক্তার (৪৫) এবং মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (১০০)। তারা ওই এলাকার ৭নং পূর্ব বাগানটিলার বাসিন্দা। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো সকালে গরু-হাঁস-মুরগি বাইরে না আসায় প্রতিবেশীরা সন্দেহ করেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তারা দু’জনের গলাকাটা মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্র বলছে, আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে এবং জমিজমা লিখে দেওয়া নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
Rang Tv News & entertainment
