অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মা হতে চলার সুখবর দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীর্ঘদিন ধরে তার মা হওয়ার গুঞ্জন শোনা গেলেও তিনি প্রতিবারই তা অস্বীকার করে আসছিলেন। সোমবার (২৫ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় স্বামী রাঘব চাড্ডার সঙ্গে একটি ছবি ও ভিডিও পোস্ট করে এই খবর নিশ্চিত করেন তিনি।
পরিণীতি তার ইনস্টাগ্রাম পোস্টে একটি ভ্যানিলা কেকের ছবি শেয়ার করেছেন, যার উপরে লেখা ছিল “১+১=৩”। এই লেখার মাধ্যমেই তিনি তাদের পরিবারে নতুন সদস্য আসার ইঙ্গিত দেন। পোস্টে যুক্ত একটি ছোট ভিডিওতে পরিণীতি ও রাঘবকে হাত ধরে পার্কে হাঁটতে দেখা যায়।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমাদের ছোট্ট পৃথিবী আসছে পথে। অপরিসীম আশীর্বাদপুষ্ট আমরা।”

এই ঘোষণার এক মাস আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রাঘবের একটি মন্তব্যের পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। সেসময় পরিণীতির বিস্মিত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। এখন সেই মন্তব্যের এক মাস পরেই পরিণীতি নিজেই সুখবরটি দিলেন।
পরিণীতির এই পোস্টে সোনম কাপুর, ভূমি পেডনেকর, নেহা ধূপিয়া, হুমা কুরেশি সহ একাধিক বলিউড তারকা শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানে রাঘবকে বিয়ে করেন পরিণীতি। তবে তাদের সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
Rang Tv News & entertainment
