জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে ক্ষমতা দখল, রাজনৈতিক প্রভাব খাটানো, প্রতারণা, ব্ল্যাকমেইল এবং নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদনে এসব অভিযোগের বিস্তারিত তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তৌহিদ আফ্রিদি বিভিন্ন ইউটিউবার ও ব্লগারকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতেন এবং তাদের ওপর নানা ধরনের নির্যাতন চালাতেন।
জুলাই আন্দোলনের সময়কার এক ঘটনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিবি প্রধান হারুন অর রশীদের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে ডাকেন। হারুনের অনুরোধে আফ্রিদি জোর করে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে তুলে এনে রাতভর ডিবি কার্যালয়ে আটকে রেখে ভিডিওটি সরাতে বাধ্য করেন।
প্রতিবেদন অনুসারে, আফ্রিদি শুধু একজন ইউটিউবার নন, বরং তিনি ছিলেন এক অনলাইন মাফিয়া। ডিবি, সিআইডি, এটিইউ এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ কারণে এসব গোয়েন্দা সংস্থা তাদের কাজে তাকে ব্যবহার করত। আফ্রিদির কথা না শুনলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ওপর নেমে আসত নির্যাতন। তার নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ব্লগার সায়েম এবং কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। স্বপন আহমেদ আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কনটেন্ট তৈরি করতেন, যার কারণে তাকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফ্রিদির একটি গোপন আস্তানা ছিল, যেখানে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের স্বাগত জানানো হতো। তবে যখন কাউকে শাস্তি দেওয়া হতো, সেই ভিডিও ধারণ করা হতো এবং পরবর্তীতে তা ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করা হতো। ভুক্তভোগীদের মতে, আফ্রিদির ব্ল্যাকমেইলের অন্যতম হাতিয়ার ছিল নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলা।
এছাড়া, জুলাই আন্দোলন চলাকালে আফ্রিদি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনেরও অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, সম্পর্ক ভেঙে দেওয়ার পর তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে একজন বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটিতে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
Rang Tv News & entertainment
