নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাইবোন, তাদের নাম ইয়ামিন (৫) ও নুসাইবা (৫)।
নিহত ইয়ামিনের দাদী জাহানারা বেগম জানান, দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খালে প্রথমে ইয়ামিনের মরদেহ ভেসে ওঠে। এর প্রায় আধা ঘণ্টা পর নুসাইবার মরদেহও উদ্ধার করা হয়।
নুসাইবার বাবা শাহ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আজ খেলাধুলার সময়ই আমার মেয়েকে হারালাম। এই শোক কীভাবে কাটাবো বুঝতে পারছি না।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, খালে ডুবে আপন চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Rang Tv News & entertainment
