পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বনের গাছ চুরি ও অন্যান্য অবৈধ পাচার প্রতিরোধে বনকে প্রযুক্তি-নির্ভর নজরদারির আওতায় আনা হচ্ছে। এই লক্ষ্যে, স্যাটেলাইট ইমেজ, ড্রোন প্রযুক্তি ও আধুনিক তথ্য-উপাত্ত ব্যবহার করে দেশের বন পর্যবেক্ষণের কার্যক্রম খুব শিগগিরই শুরু করা হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের অনলাইন মনিটরিং বিষয়ক এক সভায় সভাপতিত্ব করার সময় তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা আরও জানান, রেমা-কালেঙ্গা, সাতছড়ি এবং লাঠিটিলা সংরক্ষিত বনের ২০১৫, ২০২০ ও ২০২৫ সালের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে বনের পরিবর্তন শনাক্ত করার জন্য বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর সহায়তা নেওয়া হবে। এছাড়াও, ভূমি মন্ত্রণালয় থেকে হাই রেজুলেশন ইমেজ এবং সার্ভে অব বাংলাদেশ থেকে ড্রোন সহায়তা নেওয়া হবে।
সভায় জানানো হয়, বন অধিদপ্তর অচিরেই রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের মাতৃগাছ জরিপ ও নম্বর প্রদানের কাজ শুরু করবে। এই কাজে সুফল প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীরা নিয়োজিত থাকবেন। উপদেষ্টা জানান, দেশের সব বনাঞ্চলে মাতৃগাছ শনাক্তকরণ কার্যক্রম দ্রুত শুরু হবে এবং এজন্য বিভাগীয় বন কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের বনকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে বন অধিদপ্তরের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সমাধান নেওয়া হবে। এ কাজে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর এবং বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।
Rang Tv News & entertainment
