শিরোনাম

রোগীর স্বজনের সঙ্গে দুর্ব্যবহার ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা

রোগীর স্বজনের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা এবং দুর্ব্যবহারের অভিযোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডা. আবুল কাশেমের এই ধরনের আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। তাই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতাদি প্রাপ্য হবেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডা. আবুল কাশেমের একটি কুরুচিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশুর বাবা ও স্বজনের সঙ্গে তিনি অশালীন ও অপমানজনক আচরণ করছেন এবং হুমকি দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেন।

সুশীল সমাজের প্রতিনিধি আজহারুল ইসলাম জুয়েল বলেন, “একজন চিকিৎসকের প্রধান দায়িত্ব হলো রোগীর সেবা করা। কিন্তু তার ভাষা, জ্ঞান এবং আচরণ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।”

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি তার নজরে আসার পরপরই ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, রবিবার মন্ত্রণালয় থেকে মেইলে চিকিৎসক আবুল কাশেমকে সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছেন।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …