বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদানকারী সংস্থাগুলোর ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক কঠোর সতর্কতা জারি করেছে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
গত বুধবার (৩০ জুলাই), বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয় যে, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মারাত্মক সাইবার হুমকির মুখে রয়েছে। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ১৪টি জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। এর মধ্যে প্রধান কিছু বিষয় হলো:
- সিস্টেমের নিয়মিত আপডেট এবং অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ রাখা।
- ডেটার নিয়মিত ব্যাকআপ ও রিস্টোর ব্যবস্থা রাখা (৩-২-১ কৌশল)।
- ডেটা স্থানান্তর, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে এনক্রিপশন বাধ্যতামূলক করা।
- গুরুত্বপূর্ণ সিস্টেমে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু করা।
- নিরাপত্তা নজরদারির জন্য বিশেষ টুলস ব্যবহার এবং অ্যান্টিভাইরাস/ইডিআর সফটওয়্যার হালনাগাদ রাখা।
- সম্ভাব্য হামলার জন্য ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান ও বিশেষ টিম প্রস্তুত রাখা।
- সন্দেহজনক কার্যকলাপ মনিটর করে দ্রুত কর্তৃপক্ষকে জানানো।
- রিমোট অ্যাক্সেস ও ভিপিএন নিয়মিত পর্যালোচনা করে নিয়ন্ত্রণ আরোপ।
- হামলার লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে জানানো।
- ২৪/৭ নিরাপত্তা মনিটরিং সেন্টার পরিচালনা এবং সিস্টেমের উচ্চ সক্ষমতা বজায় রাখা।
- বিজনেস কন্টিনিউটি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ ও বাস্তবায়ন।
এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো সাইবার হামলা প্রতিরোধ করা, ক্ষয়ক্ষতি কমানো এবং কার্যকরভাবে ঝুঁকি মোকাবেলা করা। বাংলাদেশ ব্যাংক সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারীদের কাছে এই চিঠি পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছে যে, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেশের আর্থিক খাত বড় ধরনের নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারে, তাই অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Rang Tv News & entertainment
