জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, গত ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে এটি ছিল একটি সম্মিলিত বিস্ফোরণ। সরকার এই লক্ষ্যগুলো বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সকল খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেছে।
সোমবার (৪ আগস্ট) দেওয়া এই বাণীতে ড. ইউনূস বলেন, “বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ।” তিনি বলেন, এক বছর আগে এই দিনেই দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়। তিনি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর এবং পেশাজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
প্রধান উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।” এই ষড়যন্ত্র মোকাবিলায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।
সাথে আরো পড়ুন বাংলাদেশ চীনের দিকে অগ্রসর হলে কী ক্ষতি ভারতের ?
Rang Tv News & entertainment
