নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান অবৈধভাবে ৬ কোটি ২৫ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। আদালত তাদের সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আসামিদের আরও ৬ মাস কারাভোগ করতে হবে। পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভুইয়া জানান, পাপিয়া ও তার স্বামী ইতোমধ্যেই এই সাজা ভোগ করেছেন।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি র্যাব তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পাপিয়াকে যুব মহিলা লীগের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় তাদের ২০ বছরের কারাদণ্ড হয়। অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি তাদের বিরুদ্ধে অন্যান্য মামলাও চলমান রয়েছে।
Rang Tv News & entertainment
