কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করার অভিযোগে এক সাব-ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় গাবতলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ এই জরিমানা করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।
সকালে, ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম গাবতলা বাজারের সাব-ডিলার আব্দুস ছামাদের কাছে সার কিনতে যান। সাহাজাদী ট্রেডার্স-এর মালিক আব্দুস ছামাদ সরকারের নির্ধারিত দাম ১,৩৫০ টাকার পরিবর্তে এক বস্তা (৫০ কেজি) ইউরিয়া সারের দাম রাখেন ১,৮০০ টাকা।
দাম বেশি চাওয়ায় উপস্থিত অন্যান্য কৃষকদের সঙ্গে ডিলারের লোকজনের বাক-বিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে কচাকাটা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউনিয়নটির উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। এরপর বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আনা হলে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে সার বিক্রি করছে, এমন অভিযোগ তাদের কাছে এসেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি দপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে।
Rang Tv News & entertainment
