শিরোনাম

৬১ হাজার ৫০০ টাকায় রোহিঙ্গাদের পালানোর চেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দালালের মাধ্যমে ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী, শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত দুধকুমরা এলাকার টানেল সার্ভিস এরিয়ায় আনোয়ারা আর্মি ক্যাম্পের (৩৮ এডি রেজিমেন্ট) একটি পেট্রোল টিম এই অভিযান পরিচালনা করে। ওয়ারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১৪ জন প্রাপ্তবয়স্কসহ মোট ৩১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

জানা গেছে, আটক হওয়া রোহিঙ্গারা দুই দিন আগে দালালের সহায়তায় ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসে। ৭টি পরিবারের কাছ থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা নিয়ে দালালরা তাদের নৌকাযোগে আনোয়ারায় নিয়ে আসে। তাদের পরিকল্পনা ছিল বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়া।

আটককৃত রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর ঊর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নৌবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট আলমগীর রানা এই তথ্য নিশ্চিত করে বলেন, “আজ সেনাবাহিনী ৩১ রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

এছাড়াও দেখুন

ব্রাহ্মণবাড়িয়ার পার্লারে চাঞ্চল্য পিস্তল ও জাল টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে একটি পিস্তলসহ ১০ লাখেরও বেশি জাল টাকা উদ্ধার …