শিরোনাম

ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার: বিশেষ ট্রেনের সময়সূচি

শারদীয় দুর্গাপূজায় যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে দুই রুটে চার জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে।

রেলওয়ে সূত্র অনুযায়ী, এই চার জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে তিন জোড়া চলবে ঢাকা-কক্সবাজার রুটে এবং এক জোড়া চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে। প্রতিটি ট্রেনে থাকবে ১৮টি করে বগি। ট্রেনগুলোতে দিনের বেলায় আসন সংখ্যা হবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। এই ট্রেনগুলোর ভাড়া নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই নির্ধারণ করা হয়েছে, তবে এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া নেওয়া হবে।

সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একটি বিশেষ ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকার দিকে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।

৩ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার দিকে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। সর্বশেষ, ৪ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকায় আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে এবং ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান বলেন, “অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে এই বিশেষ ট্রেনগুলো চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …