রাজধানীর যাত্রাবাড়ীতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে, ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের সপ্তম তলায়।
দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। পেশায় মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান তুহিন মোতালেব প্লাজায় কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
দগ্ধ ইবা আক্তারের বোন ফারজানা আক্তার জানান, রাতে যখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা আগুন নিভিয়ে চারজনকেই দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, তুহিনের শরীরের ৪০ শতাংশ, তার স্ত্রী ইবার ৮ শতাংশ, ছেলে তাওহীদের ১৫ শতাংশ এবং তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Rang Tv News & entertainment
