চাঁদপুরে গবেষণাভিত্তিক উচ্চ শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রেডচিলি কনভেনশন সেন্টারে ড্রিমপাথ গ্লোবালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ড্রিমপাথ গ্লোবালের সিইও এহছানুল হক খান শুভ তার বক্তব্যে বলেন, “দেশে উচ্চ শিক্ষার সুযোগ থাকলেও গবেষণার ক্ষেত্র সীমিত। বাংলাদেশে পিএইচডি গবেষকের সংখ্যা মাত্র ৫১ হাজার ৭০৪, যা প্রতিবেশী দেশের তুলনায় অত্যন্ত কম। চাকরিমুখী শিক্ষা জীবিকা নির্বাহে সহায়ক হলেও জাতিকে এগিয়ে নিতে গবেষণা অপরিহার্য।”
সেমিনারে বক্তব্য রাখেন চাঁদপুর শাখার হায়ার স্ট্যাডি প্রমোশন অফিসার মো. মাহফুজ আহমেদ এবং সিনিয়র প্রশিক্ষক ডিজিটাল পোস্ট ই-সেন্টার ৩৬০১ আলআমিন রাফি।
আলআমিন রাফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ছাত্র হওয়া নয়, বরং ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষ সততা, নৈতিকতা, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি অবদান রাখে।”
তিনি বিদেশে পড়াশোনার বিষয়েও বলেন, “উন্নত শিক্ষা ও আধুনিক প্রযুক্তি শেখার সুযোগ বিদেশে মেলে। ভাষা দক্ষতা ও আত্মবিশ্বাসও বাড়ে। তবে খরচ, মানসিক চাপ এবং ডিগ্রির সঠিক প্রয়োগ না হলে বিদেশে পড়াশোনা করেও প্রকৃত সফলতা আসে না।”
উল্লেখ্য, ড্রিমপাথ গ্লোবাল দীর্ঘ এক দশক ধরে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা ও গবেষণায় নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করছে।
Rang Tv News & entertainment
