নওগাঁর রাণীনগরে এক ১৫ বছর বয়সী কিশোরীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সুলতান সরদার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, কিশোরী তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত কিশোরীকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কিশোরীর বাবা ও স্বজনদের অভিযোগ, সুলতান দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। একাধিকবার তাকে নিষেধ করা হলেও সে কর্ণপাত করেনি। ঘটনার দিন বিকেলে যখন কিশোরী গ্রামের মাঠে ছাগল আনতে যাচ্ছিল, সুলতান তার পথরোধ করে এবং একপর্যায়ে হাতে থাকা কাস্তে দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্ষা করেন এবং সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বুধবার রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্থানীয়দের হাতে আটক সুলতান সরদারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সুলতান সরদার উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামের নম সরদারের ছেলে।
Rang Tv News & entertainment
