পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
জানা যায়, হামলায় আনোয়ারের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
আহত আইনজীবী আনোয়ার হোসাইন জানান, ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় প্রায় এক মাস আগে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় এই বিষয়টি নিয়ে সালিশ-মীমাংসার কথা ছিল। কিন্তু আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়।
Rang Tv News & entertainment
